শব্দ দুটো ফেরেনি


এবার তাকে বলব, আমাকে মাফ করে দিও; 
অবশ্য ওসব কবিতাগুলো তোমাকে কেন্দ্র করে লেখা না, 
আমার ভিতরের অলস কষ্টগুলো থেকেই লিখেছিলাম; 
সুযোগ পেলেই আমি লিখব ওরকম— এটা আমার 
দোষ না, কবিতা লিখতে লিখতে এরকম হয়ে গেছি 
বিশ্বাস কর বা না কর তাতে কিছু যায় আসে না। 
ওর হৃদয় আসলে পাথরের মতো না। 
আচ্ছা, একটা কথা, 
মানুষ পাথর হলে কি শব্দ শুষে নেয় 
অথবা যা সে শোনে তার প্রত্যুত্তর করে না কেন? 
ওর হৃদয় আসলে অতিরিক্ত কোমল 
আর আকাশের মতো বিশাল— উপমাটা দারুণ, না? 
হুম, আমি ওকে ভালবাসি। ঠিক এইভাবেই বলেছি, 
আমি তোমাকে ভালবাসি। 
কিন্তু ওর নাম জানতে চেও না, বলব না আমি কখনো। 
ও শুধু শোনে আর আমি ভালবাসি বলে যাই; 
ওর হৃদয় আসলে পাথরের মতো না, 
তাই আমার শব্দ দুটো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে না কোনদিন। 
শব্দ দুটো এরপর খুব সহজে বা কঠিনে যাই হোক না কেন 
আর কাউকে আমি বলব না, তোমাকে ভালবাসি। 
ওর কাছ থেকে যা ফেরেনি এখনও 
তা কি অন্য কাউকে বলা সম্ভব? না, বলা যায় না; 
এমনি এমনিই তো বলা যায় না যে, তোমাকে ভালবাসি। 

কবিতা: শব্দ দুটো ফেরেনি 
কবি: ওয়াও রাকিবুল  
তারিখ: ১৪-১১-২০২২ 

Comments