স্বৈরচারী যখন হয় স্বদেশের সন্তান, তবে তাদের বিরুদ্ধে আজ এই কবিতার প্রাণ: রাকিবুল ইসলাম

কবিতা: স্বদেশের স্বৈরাচার 
কবি: রাকিবুল ইসলাম
তারিখ: ১৮-০৫-২০২২ 


বান ভাঙা নদীর মতো আমি বিদ্রোহ জানি না, 
রাতারাতি বৃদ্ধি পেলে তেলের মূল্য 
আমি একশ কুকুরের পেটে গুলি করে করি না হাঙ্গামা; 
আমি দেখেছি রাজবিভাগের পোষা কুত্তারা 
পেট্রল দিয়ে আগুন নেভায়। 
আমার সোনার বাংলা 
সোনালি গণতন্ত্রের 
পাঁচ ভূতে ভায়রা-ভাই, 
যখন দুর্নীতি সব সত্য 
আর আমার নীতি মিথ্যা— 
আমি কোথায় যাই? 
বেহায়ায় লুটুপুটু আমার সমাজ 
তবে কেন আমি রাজনীতিতে অংশ নিতে ভয় পাই? 
তোদের শুধু সংশোধনী আর আত্মকেন্দ্রিক ধর্ম। 
এবার আমি বুঝে নেব আমার ভাগ, 
পরের কথা থাকুক, পরেরবার দেখা যাবে; 
আমি পৃথিবীতে জন্মেছি 
কিন্তু আমার আমিকে জন্ম দিয়েছি আমিই, 
আমি 'আমার' জন্মদাতা, 
আমি আমার ভাগ্যবিধাতা; 
আমার প্রশ্রয়েই আমি জ্বালিয়ে দেব এবার 
তোর মূর্খগণ-তন্ত্র, সব উচ্চ অভিসার কুকর্মের। 
আমি আমার লোমের প্রতিটা প্রজন্ম 
চাই— রাজনীতিতে সক্রিয় অংশ নেবে; 
কারণ, সক্ষম হতে গেলে তা অবশ্যই প্রয়োজন 
এবং ক্ষমতা হাতে আসবেই সত্যের নীতির। 
আমার সন্তানের শিক্ষা হোক রাজনীতিতে অংশ নিতে, 
যদি ছিন্ন আমার মস্তক— তাকে রক্তের বিনিময়ে ফেরাতে; 
এখন রক্ত দিয়ে যাচাই এবং নির্মাণের ভিট গড়ার সময়, 
এসো, হৃদপিণ্ড দিয়ে দাবা খেলতে হবে 
এই দাবানলের মাঝে আমার সাথে তোমাকেও। 
সুফিবাদ, তন্ত্রে-মন্ত্রে দোয়া-প্রার্থনায় 
আমি বহুবার চেষ্টা করেছি স্বাধীনতার এই শিকল থেকে 
মুক্ত হবার জন্য; 
ধন্য, আমার দেশ ধন্য— 
স্বদেশী স্বৈরশাসকে, মা, আজ পূর্ণ তোমার গর্ভ; 
আমি তোমাকেও ডাকছি 
অসাম্প্রদায়িক তবেই আমরা অবশ্যম্ভাবী, 
এই স্বাধীনতা এবং রাজগণতন্ত্রের উপরে উঠে 
এক মহা বিপ্লবে অংশ নেবার জন্য; 
যাকে নক্ষত্র বলে চিনি 
তাকে মৃত ঘোষণা করতে। 
বিপ্লবে যাবে ডুবে স্বাধীন শৃঙ্খল অনিয়মের নিয়ম, 
তবে এ হোক এবার মুক্তির দাবিতে; 
এবার ছাইছুট হবে গোলামী-মিডিয়া, পোষা প্রাণী কিছু সংখ্যক, 
প্রভাবের দড়ি গলায় পরা সিংহ-শিয়াল হাতি; 
জনগণের মাথায় রাখা গণতন্ত্রের কাঁঠাল, 
নিদারুণ এই ষড়যন্ত্রে তাই বন্ধ সবার মুখ। 
আমার সাহসে জেগে উঠুক আমি— 
একবার মরলে ক্ষতি কি?

Comments

Anonymous said…
Good
Anonymous said…
Good